হাওজা নিউজ নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মিসর প্রজাতন্ত্রের সাবেক মুফতি শাওকি আল্লাম পিতামাতার অবাধ্যতার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি শরিয়ত এ কাজ থেকে কঠোরভাবে নিষেধ করেছে, কারণ এর পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই অত্যন্ত ভয়াবহ।
তিনি উল্লেখ করেন, পিতামাতার অবাধ্যতা এমন একটি গুনাহ, যার শাস্তি মহান আল্লাহ কখনো কখনো আখিরাতের আগেই দুনিয়াতে ত্বরান্বিত করে দিতে পারেন।
মিসরের ‘দারুল ইফতা’ ওয়েবসাইটে এর আগে প্রকাশিত এক বিবৃতিতে শাওকি আল্লাম ব্যাখ্যা করেন, মহান আল্লাহ পিতামাতার অবাধ্য হতে নিষেধ করেছেন এবং এ কাজের পরিণতিকে অত্যন্ত কঠোর করেছেন।
এ বক্তব্যের সমর্থনে মিসরের সাবেক মুফতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: দুটি গুনাহ এমন রয়েছে, যার শাস্তি দুনিয়াতেই দ্রুত দেওয়া হয়: জুলুম এবং পিতামাতার অবাধ্যতা।
তিনি আরও বলেন, পিতামাতার অবাধ্যতার ক্ষতিকর পরিণতি শুধু দুনিয়ার শাস্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা আখিরাতেও বিস্তৃত হয়। পিতামাতার অবাধ্যতা এমন গুনাহগুলোর অন্তর্ভুক্ত, যা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে।
এ প্রসঙ্গে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর আরেকটি বাণী উল্লেখ করেন: তিন শ্রেণির মানুষের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না: পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং আত্মসম্মানবোধহীন পুরুষ। আর তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবে না: পিতামাতার অবাধ্য সন্তান, নিয়মিত মদ্যপানকারী এবং যে ব্যক্তি তার দান-সদকার কথা বারবার স্মরণ করিয়ে দেয়।
শাওকি আল্লাম ব্যাখ্যা করেন, ‘উকুক’ বা পিতামাতার অবাধ্যতা বলতে এমন যেকোনো কাজকে বোঝায়, যার মাধ্যমে বাবা-মা-একজন বা উভয়েই-উল্লেখযোগ্যভাবে কষ্ট বা যন্ত্রণার শিকার হন। এই কষ্ট কথা বা আচরণ-উভয় মাধ্যমেই হতে পারে। তবে বিষয়টি যদি মহান আল্লাহর অবাধ্যতার সঙ্গে সম্পর্কিত হয় অথবা পিতামাতার পক্ষ থেকে অন্যায় জেদ বা অবিচারের কারণে হয়, তাহলে বিষয়টি ভিন্ন।
তিনি শেষ পর্যন্ত জোর দিয়ে বলেন, পিতামাতার প্রতি সদাচরণ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত ও আনুগত্যের কাজ। সন্তানদের উচিত পিতামাতার অধিকার যথাযথভাবে পালন করা এবং কথা কিংবা আচরণের মাধ্যমে তাঁদের কষ্ট না দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা।
বিশেষ করে ইসলামি শরিয়ত পিতামাতাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থান দিয়েছে এবং আল্লাহর তাওহিদের পর পিতামাতার প্রতি সদাচরণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্বগুলোর অন্যতম হিসেবে নির্ধারণ করেছে।
আপনার কমেন্ট